“প্রিয় ডাক”
‘সোনা বৌ’ করে আর একবার ডাকবে?
তৃষ্ণা যে মেটেনা প্রিয়, আর অন্য ডাকে।
চাতকের বালুকা বেলায়-
তোমার অস্পষ্ট শিশির,
আজ শুধু স্মৃতি রোমন্থন-
বহু দূর প্রেম সমুদ্রুর।
তোমার কথা গুলি আজও-
ঢেউ তোলে জীবন নদীতে।
আজও রেখেছি তোমাকে সজীব,
স্বপ্ন সীমানাতে।
কানে কানে ‘সোনা বৌ’-
বলে যায় অস্থির পবন,
স্নায়ুতে স্নায়ুতে রঙ্গিন স্বপ্ন তোলে শিহরণ।
একবার ফিরে আসবে,
নিজেকে অস্বীকার করে?
‘সোনা বৌ’ একবার ডাকবে,
আমার বাঁচার তরে?
কত যে কথামালা,
কত যে হাসি, গান,
কত যে উচ্ছলতায়-
ভালোবেসে দিয়েছি মন প্রাণ।
বুকের লোনা কষ্টে-
কলিজা, হৃদপিন্ড, ফুসফুস মৃত প্রায়,
ক্লান্ত ঘোলা দৃষ্টি নিয়ে-
তোমার ছায়া খুজে দু’চোখ, এখনও আশায়।
এক পশলা বৃষ্টি হয়ে এসেছিলে,
খাঁ খাঁ মরুভূমিতে!
বান ডেকেছিলো-
তৃষ্ণার্ত চাহিদার বালুকা বেলাতে!
প্রকৃতির মতো ফিরে গেলে নিজ নিয়মে,
আজ তাই তৃণেরা-
খুজে ফিরে আপন বিশ্লেষণে!
আজও মৌসুমী পবনে তোমার ছোঁয়া পাই,
আজও সেই প্রিয় কথার ফুলঝুড়িতে-
চঞ্চল স্বপ্ন রাঙ্গাই।
নিস্তব্ধ নিঝুম রাতে-
বাতাসের খসখস শব্দ বলে ‘সোনা বৌ’,
ঝড়ে পড়া তারার সমাধিতে,
জোনাকি জানাযা পড়ে ‘সোনা বৌ’।
চমকিত আমি সকল দুয়ার খুলে,
বাঁধন পেরিয়ে যাই।
ফেরেশতা রূপী মোর প্রিয়রে-
কোথাও খুজে না পাই।
তোমার অনিচ্ছায়-
প্রিয় সুরেরগান আর গাহিতে না চাই,
তবুও বেঁচে রবো-
সেই ‘সোনা বৌ’ ডাক শুনার আশায়!!
No comments:
Post a Comment