আরো একবার
(জেবুন্নেসা সিমী)
অভিজাত পাড়ার ওয়াইন উৎসবে
গণতন্ত্রের মৃত্যুচিৎকার।
তোমার নষ্ট শহরের ভাইরাসে
মফস্বলের গায়ে লেপ্টে গেছে কলঙ্কের ধুতি।
ফাগুনের বাউলা বাতাসে আজ পঁচা রক্তের গন্ধ!
প্রতারক প্রেমাবাসের ঝাড়বাতির ঝলসানিতে
অনিকেত বিদির্ণ সবুজ।
আমি তবু
চিরতরুন সকালের আত্মবিশ্বাসে দাঁড়িয়ে,
প্রতিদিন পতাকায় সালাম দেই।
আমি তবু
সদ্যস্নাত বৌঠানের প্রথম সিঁদুরের মতো
সত্য প্রতিশ্রুতি।
তুমি নিশাচর আততায়ীর
রক্তে লেখো মঞ্চ নাটক।
কালের উপন্যাস ভিজে যায়
রক্তের ছিটায়।
ভবঘুরে বিশ্বাসেরা তোমার
বার্ধক্যের লাঠি ধরে এড়িয়ে যায় কর্তব্যের চৌকাঠ।
তোমার কলমের পেট ভর্তি ভেজাল কালিতে
আজ মুক্তির বিকৃত গল্প শেষ।
আরেকবার অগ্নিঝরা মার্চে
বুকের রক্তে লিখবো আমার বাংলাদেশ।
No comments:
Post a Comment