যতনে রাখি কলেমার প্রতিশ্রুতি
(জেবুন্নেসা সিমী)
ঊষার চিরকুট খুলে দেখি
দুর্দান্ত তপনের বাঁচার পূর্বাভাস।
প্রেমগীত গেয়ে উঠে
সায়েন্স মিউজিয়ামের মৃত কঙ্কালেরাও।
ভালবাসার শোকেচে তুলে রাখি
প্রতিজ্ঞার দলিল।
চিরকুমার মধ্যাহ্নের সূর্যে
আত্মবিশ্বাসী হয়ে উঠে
নদীর গরম শরীর।
বাতাসের আঙ্গুল বিচলিত
রেখা আঁকে জলধীর বুকে।
তবু নৈঋূত বায়ুপ্রবাহে
নীলিমার শৈল্পিক কষ্ট।
শহরের দূরে স্বপ্নীলা খুঁজে ফিরে
ঘাসফড়িঙ বিকেল।
অথচ চৈত্রের রুক্ষ পলির মতো
তোমার ঠোঁট
চাতক তৃষ্ণায় খুঁজে বৃষ্টি -স্পর্শ।
লজ্জাবতী ছুৃঁয়ে
প্রজাপতি শেখে নিঃস্ব হবার আকুতি।
হ্যালোজেন দৃষ্টিতে চোখ রেখেও
ভালবাসার হাতে যতনে রাখি
কলেমার প্রতিশ্রুতি।
সান্ধ্য আইন ভাঙ্গা জোনাকি মিছিল
সাজিয়ে দেয় গোধুলীর বাসর।
জোছনায় বোনা কবিতা
জানালার কার্নিশে আঁকে রুপালি মনে
আপন দোসর।
No comments:
Post a Comment