অচেনা অনুভূতি
**************
স্বপ্নের স্ক্রিনে একের পর এক রং ফেলে
তুমি হঠাৎ গলির
মুখে দাঁড়ালে,
মোহবিষ্টের মতো স্বপ্ন হাতড়ে উজ্জ্বলতা
খুঁজছি
অচেনা তোমায় দেখবো বলে ।
শিউলী বিছিয়ে দিয়েছি
এনেছি রক্ত করবী,
সূর্য্যের থালায় বরণে
এনেছি অষ্টাদশী সুরভি ।
মেরুপ্রভার স্নিগ্ধ চতুরঙ্গ ছেড়ে
পা বাড়ালো রোদেলা গান ।
মখমলি আঁচলে
বিছিয়ে দিয়েছি মম প্রাণ ।
পবিত্র চাহনি বাঁধতে এনেছি
লক্ষ্মী চোখের জ্যোতি ।
চোখে চোখ ছুঁলে!
দমবন্ধ সুখে ঢোঁক গিলে
তৃষ্ণার্ত চিত্তে অচেনা অনুভূতি ।
ছুঁয়ে দিবে বলেই
আশার হাত বাড়ালাম!
একরাশ সুখ স্পর্শে
মোহন দর্পণে প্রতিবিম্ব আঁকলাম ।
এ প্রথম স্পর্শ!
এ স্পর্শে সুখের আর্তনাদে
নেশাতুর স্নায়ুর উম্মাদ কথন ।
দেবতার চিত্ত হরণে
স্বর্গময় আলোড়ন ।
বাঁচার স্বপ্নে বিভোর হয়ে
পান করছি অচেনা অনুভূতি,
সম্মোহিত হয়ে প্রাণের কথা
বলছে তোমার প্রিয় আকুতি ।
*****

No comments:
Post a Comment