বিপ্রতীপতায়
≈≈≈≈≈≈≈≈≈≈
(জেবুন্নেছা)
শতাব্দীর পথে হেঁটে চলমান আকাশ
মৃতমৃত্তিকার বুকে মুখ গোঁজে।
আর তুমি?
চিরবর্তমান দিগন্তে স্বপ্নবিলাসী শঙ্খচিলের
প্রিয় ডানা কেটে দিয়েছ!
একটি কবিতার গল্পে তোমার শব্দকোষে
গড়েছি সুখের মিনার,
তবু তুমি জীবন্ত লাশের পিরামিড
গড়েছ কবিতার উঠোনে!
ভাবনি, নির্মলেন্দু প্রিয়ার জীবন হবে
মরা ভাটার কালবেলা!
ভাবনি, দুর্ভিক্ষের রাতে
শ্রীকান্তের দুর্জেয় সুরের
মেডিটেশনে ভাসানো ভেলা।
আধ টুকরো স্বপ্ন ভিক্ষায়,
রাতভর তোমার চোখে অপেক্ষমান।
তুমি মেঘেদের সাথে মিতালী করে
চাঁদে জুড়েছো কলঙ্ক।
তবু তোমার বুকের আস্তিনে
নাম লিখবো বলে ছুঁয়ে দিয়েছি
জ্যোৎস্নাঙ্কিত টি-শার্ট!
তোমার বালুচরে বালির প্রাসাদ
গড়েছি নিযুত যুগ ধরে!
সমুদ্রকে বুকে নিয়ে নিমেষেই
মুছে দিয়েছ মহানগরের বাণী।
ধুতোরা বাগানের স্বপ্নগুলো
নিষ্পৃষ্ট করেছ আকাশগঙ্গায়!
উত্তাল সমুদ্রে-
ঝড়ের ডানা ঝাপটানো ছন্দে,
বিভ্রান্তি মত্ত বিপ্রতীপতায়।
[০৪/১০/১৪]
•••

No comments:
Post a Comment