ময়ুরী
♦♦♦♦♦♦♦♦♦♦♦
(জেবুন্নেছা)
আমি একটি কিশোরীর কথা বলছি ।
বয়স যার হয়নি এখনো পনের,
আমি সেই ময়ুরীর কথা বলছি ।
সংসার যার মাথায় তুলে দিয়েছে,
কষ্টের তটস্থ অষ্টপ্রহর !
আমি সেই ময়ুরীর কথা বলছি ।
কয়েকটি বকুলের মালা,
বিক্রি নাহলে অসুস্থ মা
আর ছোট ভাইয়ের অন্ন যার জোটেনা,
আমি তার কথা বলছি ।
সারাদিন পর যার শতাব্দীর ক্ষুধা মেটেনা,
আমি সেই ভুখা ময়ুরীর কথা বলছি ।
তবু চলে যায় দিন এক বেলা খেয়ে নাখেয়ে,
টানাপোড়েন আর অবজ্ঞা-অবহেলা,
গা গিয়েছিল সয়ে ।
প্রকৃতির নিষ্ঠুরতায় ঘড়ির ধারালো
কাটার উপর পা রেখে,
রক্তাক্ত ছাপ বয়ে যে আগুসার !
আমি তার কথা বলছি ।
তবু সাধ মেটেনা নিয়তির !
চিল-শকুনের সভ্যতায়,
ময়ুরী যে নারী !
শকুনের তৃপ্তির ঢেকুঁরে,
বকুলের তলায় পরে রইলো-
মানবতার ছিন্ন ভিন্ন লাশ !
আমি তার কথা বলছি ।
অন্ধ সমাজ জানতে পারেনি
বকুলের দীর্ঘশ্বাস,
শুনতে পায়নি অসুস্থ মা
আর ছোট ভাইটির চিৎকার ।
আমি ময়ুরীদের কথা বলছি !
আমি আমার অন্ধ-
বোবা সমাজকে বলছি ।
হাজার হাজার ময়ুরীর
জীবনের নিরাপত্তা চাইছি ।
আমি অকালে ঝরে যাওয়া
ময়ুরীকে নয় !
সমাজের জন্য ময়ুরীর নিজ হাতে গাঁথা
একখানা বকুলের মালা চাইছি ।
◘◘◘◘◘◘
No comments:
Post a Comment