** অনুভবে রোদেলা আলাপন**
★★★★★★★★★★★★★
অজানা কথায় বিমোহিত
হিরন্ময় নরম দুপুর,
ক্যাকটাসেরা ফুলে ফুলে
লুকায় কাঁটা কলঙ্ক,
চিরবর্তমানের যৌবন
ছুঁয়ে যায় চঞ্চলার হৃদয়,
নরম গ্রাফাইটে
এঁকে যাই স্বপ্নীল ক্ষণ।
চোখ তার জোছনার নেশায়
মায়াময় পদ্ম,
দৃষ্টির অনলে ঝলসে দিয়ে বিশ্ব
প্রেমে লিখে নির্ভরতার অদৃষ্ট।
টি -শার্টের আধার থেকে
বুকের পাজর মুক্ত করে পবন,
প্রতিশ্রুতিতে বাড়ানো বাহু
শেখায় প্রিয় রোদেলা আলাপন।
অনুভবে -
স্বপ্নেরা অষ্টাদশী হয়ে উঠে,
হৃদয়ে অচেনা প্রেমের ছোঁয়ায়
বেহেস্তী কুসুম মুচকি হাসে।
পাজরে কান পেতে শুনি
অস্থির বীণা,
চাঁদের আকুল চিঠি
মখমলি জোছনার খামে,
রেললাইনের শেষে
আলোর মিছিলে বিমুগ্ধ জোনাকি।
সুরমাঙ্কিত পথে সুখধুলিতে
নেশাগ্রস্ত চরণ,
দ্বিধাগ্রস্ত চাওয়া পলকে
ব্যভিচারী হয়ে উঠে,
ঘোমটা টানে
লাজুক চোখে সরলা,
গভীর মায়ায় প্রদীপে
সুখ লিখে পতঙ্গ।
রৌদ্র লিখে জয়
অভেদ্য কুয়াশায়,
আঙ্গুলের সখ্যতা রচে
প্রেমের পাণ্ডুলিপি,
অস্থির বাসনার দৃষ্টিতে
চাতকী উপন্যাস লিখে
নৈঃশব্দের চোখে।
বারুদের ভুলের লাগাম
টেনে ধরে স্নিগ্ধ স্পর্শ দেয় গোলাপ,
রেখার প্রতিভাসে আলোড়িত বিকেল
আঁকে নিষ্পাপ প্রেমময় প্রলাপ।
No comments:
Post a Comment